বাল্যবিবাহ দারিদ্র্য ও অসমতার চক্র দীর্ঘস্থায়ী করে: হাসান আহমেদ চৌধুরী কিরণ

বাংলা টিভি ডেস্ক: বাল্যবিবাহ শুধু একটি কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দারিদ্র্য ও সামাজিক অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ১৯ ধারায় থাকা বিশেষ বিধান বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই ধারার অপব্যবহারের কারণে বাল্যবিবাহ বৈধতা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে মা-বাবার সম্মতি এবং আদালতের নির্দেশে ১৬ বছর বয়সে মেয়েদের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এ বিধান আইনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ বিধানের দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহের ঘটনা ঘটছে এবং এর অপব্যবহারও হচ্ছে। তাই বাল্যবিবাহ বন্ধে আইনের এই ধারা পুনর্বিবেচনা করা জরুরি।
তিনি আরও বলেন, বিগত শাসনামলে দেশে বাল্যবিবাহের হার নিয়ে তথ্যের স্বচ্ছতা ছিল না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে। শুধু বাল্যবিবাহ নয়, সে সময় জন্ম ও মৃত্যুহার নিয়েও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করার বিষয়টি তুলে ধরে কিরণ বলেন, প্রকাশিত ওই তথ্য নিয়েও জনমনে নানা প্রশ্ন ও হাস্যরসের সৃষ্টি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের সঠিক হার সম্পর্কে নিশ্চিতভাবে বলা কঠিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। এ ছাড়া বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের বাল্যবিবাহের হারের মধ্যে ৩০০ শতাংশ পার্থক্য দেখানো হয়েছে, যা প্রশ্নের জন্ম দেয়। তবে দেশে বাল্যবিবাহের ঘটনা যে ঘটছে, তা অস্বীকার করার সুযোগ নেই। বাল্যবিবাহ প্রতিরোধে তুলনামূলক ভালো অবস্থানে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা রাজশাহী ও খুলনার মতো পিছিয়ে থাকা অঞ্চলে কাজে লাগানো যেতে পারে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহের ঘটনায় নাবালকদের অপরাধী হিসেবে বিবেচনার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধনের প্রয়োজন রয়েছে।
সংলাপে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর ফলে কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি আইন সংস্কার জরুরি।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিকর সামাজিক প্রথার বিরুদ্ধে অবস্থান নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



