বাংলাদেশ

লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

বাংলা টিভি ডেস্ক: পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তাঁর সঙ্গে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। সেখানে পৌঁছালে প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় জাতীয় পরিষদের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পার্লামেন্ট ভবন পরিদর্শনের সময় বাংলাদেশের স্পিকার প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ঢাকা ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ। সফরের উদ্দেশ্যে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

ইসলামাবাদের পাশাপাশি প্রতিনিধিদলের লাহোর ও করাচি সফরের কর্মসূচিও রয়েছে। নির্ধারিত সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button