বাংলাদেশ

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে দ্রুত গণভোটের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো পরিস্থিতিতেই গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে জামায়াত সরে আসবে না বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, গণভোটের রায় কার্যকর না হলে অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ খুঁজবে।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, বিএনপি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে দলটি আবারও দলীয়করণের পথে এগোচ্ছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় দলীয় প্রভাব প্রতিষ্ঠিত হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও সামগ্রিক শিক্ষাব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়বে।

তিনি আরও বলেন, একসময় নির্যাতনের শিকার হওয়া একটি দল গণঅভ্যুত্থানের পর নিজেদের রাজনৈতিক চরিত্রে যে পরিবর্তন এনেছে, তাতে জনগণের আস্থা কমে গেছে।

সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণঅভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই হতে পারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রকৃত ভিত্তি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের বন্ধু হিসেবে দেখতে চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের বিভেদ ভুলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।

সংশ্লিষ্ট খবর

Back to top button