জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলনের মূল লক্ষ্য উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানো, কলেজ পর্যায়ে সুশাসন নিশ্চিত করা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
এ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা আরও জোরদার করা এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও সার্বিক মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।



