কীভাবে বুঝবেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন?

বাংলা টিভি ডেস্ক: আমাদের এক উস্তাদ বলতেন, মানুষের জীবনে যদি দুটি কাজের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়, তাহলে আশা করা যায়, আল্লাহ তার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন।
কী সেই দুটি কাজ?
১. নামাজের প্রতি ভালোবাসা।
যখন নামাজের সময় হলে মন অস্থির হয়ে ওঠে, সিজদায় যেতে ইচ্ছে করে, রবের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটাতে মন চায়, তখন বুঝবেন আপনার অন্তর নামাজের স্বাদ পেতে শুরু করেছে। নামাজ শুধু দায়িত্ব নয়, বরং তখন তা হয়ে ওঠে আত্মার প্রশান্তি।
২. পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা।
যখন কুরআন তিলাওয়াত করতে ভালো লাগে, মনোযোগ দিয়ে শুনতে ইচ্ছে করে, আর কুরআনের সুর থেকে দূরে থাকলে অন্তরে এক ধরনের শূন্যতা অনুভূত হয়, তখন বুঝবেন আপনার হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে।
উস্তাদের কথার গভীর তাৎপর্য হলো, এই দুটি সময়েই একজন বান্দা তার রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। নামাজে বান্দা আল্লাহর সামনে নিজের মনের কথা তুলে ধরে, আর কুরআনের মাধ্যমে আল্লাহর বাণী শোনে ও উপলব্ধি করে।
মানুষ যাকে ভালোবাসে, তার সঙ্গে কথা বলতে ভালোবাসে। তার সান্নিধ্যে থাকতে স্বস্তি খুঁজে পায়। ঠিক তেমনি, আল্লাহর প্রতি যার ভালোবাসা গভীর হয়, তার অন্তরও নামাজ ও কুরআনের মাঝে প্রশান্তি খুঁজে পায়।
তাই নিজের অন্তরকে একটু প্রশ্ন করুন—নামাজ কি আপনাকে টানে? কুরআন কি আপনার হৃদয়কে প্রশান্ত করে?
মনে রাখবেন, নামাজ ও কুরআনের প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদের অন্তরকে এই দুই অমূল্য নিয়ামতের ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। আমিন।
— [শায়খ আবুল হাসানাত কাসিম (হাফি.)]



