বিকেলে কূটনীতিকদের সাথে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট

||বাংলা টিভি অনলাইন||
আজ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সামনে সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট তাদের লক্ষ্য ও দাবিসমূহ তুলে ধরবে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে কূটনীতিকদের সাথে বসবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রন্টের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।
খন্দকার মোশাররফ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে হোটেল লেক শোরে কূটনীতিকদের ব্রিফিং করবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। পরবর্তীতে সুশীল সমাজের সঙ্গেও ফ্রন্ট নেতারা মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দিনক্ষণ ঠিক হয়নি।
এর আগে রাত সাড়ে ৯টায় বেঠকটি শুরু হয়। রুদ্ধদ্বার এই বৈঠক চলে এক ঘণ্টা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়। বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে এ জোট গঠিত হয়।
গত কয়েক মাস ধরে গণফোরাম সভাপতি ড. কামালের সঙ্গে জোট বাঁধার প্রক্রিয়ায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী থাকলেও তাকে বাদ দিয়েই এ জোট গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামে নতুন এই জোটের ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তা কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
ঐক্যফ্রন্টে যুক্ত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল ইসলাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবারের ওই সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামীতে অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সাত দফা এবং নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশ পরিচালনায় ১১ দফা লক্ষ্য তুলে ধরা হয়।
বাংলাটিভি/এসএম /এবি



