
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী বিন মোর্ত্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচই হতে যাচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেন হিসেবে তার শেষ ম্যাচ।
জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাশরাফী একথা জানান। তবে অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। হাথুরুসিংহে, খালেদ মাহমুদ সুজন, রোডস ও ডমিঙ্গোকে ধন্যবাদ। সবার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না।
সাধারণ খেলোয়াড় হিসেবে পরবর্তী অধিনায়ককে সাহায্য করবেন বলেও জানান ম্যাশ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দলের পরিকল্পনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।



