
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিনের মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা দেশ। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও ছুঁয়ে গেছে এই চিকিৎসকের মৃত্যু।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার। তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তার এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।
মানুষের প্রতি, দেশের প্রতি অধ্যাপক ডাক্তার মঈনের এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মতো নয় বলে জানিয়ে, স্যালুট জানিয়েছেন, সাবেক অধিনায়ক মাশরাফি।
মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মাশরাফি।



