আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দিল নয়াদিল্লি

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা অংশে ভারতীয় বাহিনী সংঘাতে জড়িয়েছে বলে দাবি করেছে বেইজিং। সংঘাতের জন্য নয়াদিল্লিকেই দায়ী করেছে শি প্রশাসন। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করে দু’দেশের সীমান্তে চরম পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে নয়াদিল্লি।
এদিকে, রুলস অব এনগেজমেন্ট অর্থাৎ, যুদ্ধনীতির ক্ষেত্রে বড় বদল এনেছে ভারতীয় বাহিনী। সামরিক বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, খুব প্রয়োজন পড়লে হাতে যা আছে তার সবই ব্যবহার করতে পারবে জওয়ানরা।
অর্থাৎ, চীন সীমান্তের নিয়ন্ত্রণরেখায় বন্দুক ব্যবহারে আর কোনো বিধিনিষেধ অবশিষ্ট নেই। সর্বদলীয় সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জওয়ানদের পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। এটি চীনকেও জানিয়ে দেওয়া হয়েছে।
প্যাংগং সো’তে গত মাসে গালওয়ান উপত্যকায় মধ্য মে’তে ছোটাখাটো সংঘর্ষ হয়। প্রতিবারই দল বেঁধে ডাণ্ডা ও লোহার আংটা লাগানো রড নিয়ে ভারতীয় জওয়ানদের তাড়া করেছিল চীনা বাহিনী। তবে দিল্লির দাবি, প্রতিবারই যোগ্য জবাব দিতে সমর্থ হয়েছে ভারতীয় বাহিনী।



