প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

তৃতীয় কোনো পক্ষের প্ররোচনায় আন্দোলন না করে প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, আন্দোলনের ফলে সৌদি আরবে বাংলাদেশ সর্ম্পকে নেতিবাচক ধারণার সৃষ্টি হলে আন্দোলনকারীরাই ক্ষতিগ্রস্থ হবে। সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, সৌদি এয়ারলাইন্সের সব বিমানকে আসার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমানও প্রস্তুত আছে। আটকে পড়া প্রবাসীরা আন্দোলন করছে জানতে পারলে সৌদি সরকার তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে, তাই আন্দোলন না করারও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে মঙ্গলবার ভিসা ও আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, টিকিটের জন্য টানা বুধবার (২৩ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। তাই চাকরি বাঁচানোর আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া পথ না ছাড়ার ঘোষণা তাদের।



