
অনেক জল্পনা-কল্পনা কাটিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ আসনের মধ্যে ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৯৪টি আসনের বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। এই অংশ গ্রহণের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।’
বাকি ৯৪ আসন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির পর বাকি আসনগুলোর বিষয়ে জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।’
এরআগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, দলীয় প্রার্থীদের আংশিক তালিকা (বৃহস্পতিবার) রাত ৮টার পর প্রকাশ করা হবে। এই কথা বলার পর তিনি মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির সভায় যোগ দেন। সভা শেষে জানা যায়, বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করছে না বিএনপি। বরং শুক্রবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন।
কিন্তু শুক্রবার সকালে অনিবার্য কারণে ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা স্থগিত করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাটিভি/এমআরকে



