
লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তীব্র খাদ্য ও পানির সংকটের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। অন্যদিকে, নিখোঁজ ও অসুস্থদের উদ্ধার করে গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, দালালের মাধ্যমে রাবারের নৌকায় করে তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মাঝপথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ছয় দিন সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় ধরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে কয়েকজন মারা যান। পরে মরদেহগুলো সাগরেই ফেলে দেওয়া হয়।
নিহতদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের নাম জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে তারা বিদেশযাত্রা শুরু করেছিলেন। লিবিয়ায় পৌঁছানোর পর আংশিক অর্থ পরিশোধও করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



