শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতেও কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তাকে নিয়ে আমাদের বিরোধী বন্ধুরা অহেতুক সমালোচনা করে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক রহমানকে যদি বিতর্কিত করতে চান তাহলে আমরা মনে করবো আপনারা বাংলাদেশকে বিতর্কিত করলেন এবং আপনারা বাংলাদেশের শত্রু।
এসময় সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



