আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
মিথ্যা সাক্ষ্য দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টার ১৪ দিনের কারাদণ্ড

গত শনিবার মিথ্যা সাক্ষ্য দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ পাপাডো পুলোসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে এফবিআইকে মিথ্যে বলেছিলেন পাপাডো পুলোস। লন্ডনের একটি পানশালায় বেসামাল অবস্থায় বলে ফেলা তার কথার ভিত্তিতেই মূলত নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে থাকতে পারে বলে প্রথম সন্দেহ করা হয়।
এ অভিযোগে ট্রাম্পের সহযোগীদের মধ্যে তিনিই প্রথম গ্রেপ্তার হন। শুক্রবার ওয়াশিংটন ডিসি আদালতে পাপাডোপুলোস নিজেকে একজন ‘দেশপ্রেমিক আমেরিকান’ বলে বর্ণনা করে বলেন,তিনি ভুলে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন।
আদালতের রায় অনুযায়ী,তাকে প্রায় একবছর নজরবন্দি রাখা হবে এবং ২০০ ঘণ্টা বিভিন্ন কমিউনিটি সার্ভিস দিতে হবে। এছাড়া তাকে জরিমানাও গুণতে হচ্ছে সাড়ে নয় হাজার মার্কিন ডলার।



