
খালেদা জিয়ার সাজা:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের সাজার রায়কে ফরমায়েশি আখ্যায়িত করে তা প্রত্যাখানের কথা জানিয়েছেন ।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ১নং হলে প্রতিবাদ সমাবেশ থেকে এই রায় প্রত্যাখানের কথা জানান তিনি।
জয়নুল আবেদীন বলেন, আজকে আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন।
খারিজ হলেও রায়ে অনেক বিষয় থাকে। কিন্তু সেটা না দেখেই আজকে আদালত খালেদা জিয়াকে ৭ বছর সাজা দিয়েছেন। এটা দুঃখজনক।
তিনি বলেন, খালেদা জিয়া হাইকোর্টে বিচার পাননি। আপিল বিভাগেও বিচার পেলেন না। আজকের রায় ফরমায়েশি।
দেশের মানুষও ঘৃণাভরে এ রায় প্রত্যাখান করছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি জানান তিনি।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার ও আওয়ামী লীগের অধীনস্ত সংগঠন দুদক।
আজকে দুদক এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে।’
খোকন বলেন, ‘আমরা হতবাক হয়েছি। সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার কিছুক্ষণ পরই রায় শুরু হয়ে গেল।
কি যোগাযোগ! বিচার বিভাগে এটা নজীর বিহীন। এ রায়ের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নতুন নজীর স্থাপন হয়েছে।’
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
||বাংলা টিভি অনলাইন||
বাংলাটিভি/এসএম/এবি



