চাইলে আরও আলোচনা হবে: ওবায়দুল কাদের

বহুল প্রত্যাশিত সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে বেইলি রোডের বাসায় এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি জানান, সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।
অন্যদিকে গণভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। চাইলে আরও আলোচনা হবে। ৮ নভেম্বরের পর যে কোনোদিন ফের সংলাপ হতে পারে। এ ক্ষেত্রে আরও ছোট পরিসরে বসা যেতে পারে।
সংলাপ শেষে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সংলাপে সন্তুষ্ট কিনা, সংলাপে কি কি হল সাংবাদিকদের বারবার এমন জিজ্ঞাসার মুখে তিনি বলেন, সন্তুষ্ট নই। আর কোনো কথা তিনি বলেননি।
তবে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে সংলাপ কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা ভালো হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বাংলাটিভি/এসএম/এবি



