গরম বক্তৃতা দিয়ে পরিবেশ নষ্ট না করার আহ্বান

অতীতের সব এক পাশে রেখে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের সংলাপের সাড়া দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন। গরম বক্তৃতা দিয়ে তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা সংসদ আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, সাড়ে তিন ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টা সেখানে আলোচনা হয়েছে। ড. কামাল হোসেন যখন বললেন, প্রয়োজনে ছোট পরিসরে আমরা আলোচনায় বসতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা যদি চান আমরা অবশ্যই বসতে রাজি আছি, আমাদের দরজা খোলা আছে।
তিনি আরও বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটি বৃহস্পতিবার আলোচনা হয়েছে। সংবিধানের আলোকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় তা প্রধানমন্ত্রী সংলাপে ব্যক্ত করেছেন।



