
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারো সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার ( ৭ নভেম্বর) সকালে ১১টায় গণভবনে সংলাপ অনুষ্ঠিত হবে। ড. কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে।
মঙ্গলবার( ৭ নভেম্বর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না জানান,
আজকের সংলাপে ৭ দফা দাবি ঠিক রেখে কয়েকটি বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে প্রথম দফার সংলাপে সন্তুষ্ট নয়
বলেই, দ্বিতীয় দফার এ সংলাপ বলেও জানান তিনি।
ড. কামালের নেতৃত্বে অন্য নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার
মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক
আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক
ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।
এর আগে গত ১ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যদের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়।
দ্বিতীয় দফায় সংলাপ চেয়ে ৪ নভেম্বর, রবিবার দুপুরে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। রাত সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে জানান ৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসবে সরকার।
বাংলাটিভি/এসএম/এবি



