তারেক রহমানকে নিয়ে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

তারেক রহমান
মুদ্রা পাচার ও দুর্নীতির মামলায় দণ্ডিত তারেক লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রোববার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। টেলি কনফারেন্স-এর মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক জিয়ার সাক্ষাৎকার গ্রহণের বিষয়টি দেশের প্রচলিত আইন ও নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন দাবি করে নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।
দলটির পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রোববার বিকালে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়ে আওয়ামী
লীগের একটি প্রতিনিধি দল তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। অভিযোগ দেওয়ার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
ফারুক খান সাংবাদিকদের জানান, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান নির্বাচনের প্রার্থীদের সাথে কথা বলছেন স্কাইপ বা টেলি
কনফারেন্সের মাধ্যমে, যা বাংলাদেশের নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও সুপ্রিম কোর্টের দু’মাস আগের একটি নির্দেশনা আছে, তারেক
রহমানের কোনো বক্তব্য কোনো জায়গায় প্রচার করা যাবে না। সুতরাং এটি সর্বোচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালত
অবমামনার সামিল যা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও দাবী করেন ফারুক খান। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন।
বাংলা টিভি/এমকে/এবি



