দলের জন্য ত্যাগীদের মনোনয়ন দেয়া হবে: ওবায়দুল কাদের

।। সুমন পাইক ।।
দলের জন্য যারা ত্যাগী ও নিবেদিত হয়ে কাজ করছে, তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিনে এ কথা বলেন তিনি। এ সময় সংরক্ষিত আসনে দেশের নানা প্রান্তের নারীদের আগ্রহ ইতিবাচক বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে এবার সব রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন ইচ্ছুকের সংখ্যা। দলটির অন্যান্য নারী সদস্যের সঙ্গে মনোনয়ন পেতে এবার তারকাদেরও ঢল নেমেছে।
এখন পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৮৫টি। আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এটা এক নতুন রেকর্ড। চেহারা দেখে নয়, দলের যোগ্য, ত্যাগী এবং পরীক্ষীতদেরই মহিলা এমপি হিসেবে মনোনীত করা হবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু তাই নয়, পাঁচ যোগ্যতার ভিত্তিতে নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, ‘যারা সক্রিয় থেকেছে তারাই অগ্রাধিকার পাবে। আর অন্যান্যদের ক্ষেত্রেও আমরা বিবেচনা করতে পারি। তবে সেটার সংখ্যা খুব বেশি হবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ত্যাগী নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে।’
তিনি আরও বলেন,ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান বিদ্যমান। এটার পরিণতি অনিবার্য ভাঙন।
বাংলাটিভি/পাইক



