সাদ্দামকে আশ্রয় দিতে চেয়েছিল দুবাই

ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আশ্রয় দিতে চেয়েছিলেন বলে দাবি করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম । আমিরাতের প্রধানমন্ত্রী তার আত্মজীবনীতে বলেন,যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০৩ সালে ইরাকে হামলা শুরু হওয়ার কয়েক মাস আগে এক গোপন বৈঠকে তিনি সাদ্দামকে এই প্রস্তাব দেন।
‘মাই স্টোরি’নামের বইটিতে প্রথমবার এই বৈঠকের কথা প্রকাশ করলেন শেখ মোহাম্মদ।
আল অ্যারাবি ওয়েবসাইটের খবরে বলা হয়,ইরাকের এই শাসককে তিনি আশ্রয় দেয়ার প্রস্তাব দেন এই শর্তে, যে তিনি আমেরিকার সঙ্গে বিবাদে জড়াবেন না।
আত্মজীবনীতে তিনি জানান,ইরাকের দক্ষিণের বসরা শহরে ওই বৈঠক হেয়ছিল। বিক্ষুব্ধ এবং ভীত সাদ্দাম বৈঠকের সময় বার বার তার বসার জায়গা পরিবর্তন করছিলেন। স্নাইপারের গুলি আঘাত হানতে পারে এমন ভয় থেকেই সাদ্দাম বার বার আসন পরিবর্তন করছিলেন,বলেন শেখ মোহাম্মদ।
পাঁচ ঘণ্টার ওই বৈঠকের পর সাদ্দাম দুবাইয়ের শাসকের প্রস্তাব ফিরিয়ে দেন,বলা হয় বইটিতে।
আত্মজীবনীতে শেখ মোহাম্মদ ২০০৩ সালের হামলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কীভাবে ডিল করেছেন তার বর্ণনা দেন। তিনি ওই হামলা ঠেকানোর জন্য কাজ করেছিলেন।
‘আমি জানতাম এই যুদ্ধ পুরো অঞ্চলকে, বিশেষ করে ইরাককে প্রভাবিত করবে। জানতাম এটা সব ধ্বংসাত্মক হবে। আমি আমেরিকানদের বুঝাতে চেয়েছিলাম,তারা যেন আমিরাতকে আলোচনা চালিয়ে যেতে দেন। আমরা আরবরা ঐতিহ্যগত ভাবে একই রকম এবং সাদ্দাম ও তার মতো লোক কীভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি,’বইয়ে জানান তিনি।
আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শেখ মোহাম্মদের আত্মজীবনী প্রকাশ করা হচ্ছে।
বাংলাটিভি/পাইক



