নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: সেতুমন্ত্রী

নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়নে যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজপেপার অওনার এসোসিয়েশনের (সম্পাদক) সঙ্গে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, আমরা চাইছি দ্রুত সময়ের মধ্যে নবম ওয়েজ বোর্ডের সমাধান করতে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে, আরও আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সকলের একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রীসভা কমিটি গঠন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতিমধ্যে এটি আলোচনায় এসেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুঁইফোড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোড়গুলো বাদ পড়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে। কারণ অনেকের কাছে ভুয়া কার্ড রয়েছে।
বাংলাটিভি/পাইক



