চিফ হুইপ হলেন নূর-ই আলম চৌধুরী

একাদশ জাতীয় সংসদে মন্ত্রীর পদমর্যাদায় চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীকে। এছাড়া প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় আরও ছয়জনকে হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
সংসদ নেতার পরামর্শ অনুযায়ী চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেন রাষ্ট্রপতি। বুধবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর প্রথমে স্পিকার নির্বাচন করেন। এরআগে সংসদের চিফ হুইপ ও অন্য হুইপদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
হুইপদের মধ্যে দশম সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা গিনি বহাল থাকছেন। নতুন মুখ হিসেবে নির্বাচিত হলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বাংলাটিভি/পাইক



