ঢাকা দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে আহত ১২

ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের লিফট ছিঁড়ে প্রায় ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক আহমেদ। তিনি জানান, আহতদের উদ্ধার করে আদালত এলাকার পাশের বেসরকারি হাসপাতাল ঢাকা ন্যাশনাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম সুমন (৪৭), অ্যাডভোকেট মিঠু, পেশকার সুমন (২৪), কাওসার (৩৫), অ্যাডভোকেট সোহাগ (৩৬), অ্যাডভোকেট আমিন (৩৫), অ্যাডভোকেট আইয়ুব আলী (৫৮), আসামি সুমন (২৯), অ্যাডভোকেট সুলতান আহমেদ (৩৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অ্যাডভোকেট শামসুন নাহার ও তার সঙ্গে থাকা অন্য একজন নারীকে ঢামেকে নিয়ে আসার পর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বাংলাটিভি/প্রিন্স



