
নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার, আওয়ামী লীগ যাতে জিতে যায় তাই নিজেদের পোষ্য লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করে পুনরায় গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আহ্বায়ক কমিটির সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়, বিএনপি নয় পুরো দেশই এখন চরম সংকটে মন্তব্য করে, অপরাধী মন নিয়ে সরকার পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।
সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, সিইসির বক্তব্যেই প্রমাণ হয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ সময়, গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানান।
বাংলাটিভি/প্রিন্স



