প্রথম ইনিংসে মাত্র ২১১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ

ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ তৃতীয় দিনে খেলা শুরুর পর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ২১১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে আজও বৃষ্টির কারণে ২৫.২ ওভার আগেই শেষ হয়েছে দিনের খেলা।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১১৯। লাঞ্চের সময় রান ছিল ৩ উইকেটে ১২৭। কিন্তু দ্বিতীয় সেশনে বিধ্বস্ত হয় ৭ উইকেট হারিয়ে। প্রথম টেস্টে কিউইদের অন্যতম নায়ক নিল ওয়েগানার এবার শর্ট বলের ছোবলে নিয়েছেন চার উইকেট। প্রথম স্পেলে বিবর্ণ বোল্ট পরে তিন ওভারে তিন উইকেট নিয়ে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের লেজ। ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুতেও বাংলাদেশ ছিল দাপুটে। নিউ জিল্যান্ডের দুই ওপেনারকেই ফেরান আবু জায়েদ। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ ও ইবাদত হোসেন ছিলেন অসাধারণ, তাদেরকে খেলতে বেশ অস্বস্তি বোধ করছিল কিউই টপ অর্ডার। লড়াইটা যখন জমে উঠে, বৃষ্টি হানা দেয় আবার। ২৫.২ ওভার বাকি থাকতে দিনের খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহে ছিল ৩৮ রান।
বাংলাটিভি/প্রিন্স



