সরকার এত অমানবিক নয়; বিএনপিকে কাদের

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মতো অমানবিক আওয়ামী লীগ সরকার নয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় ভারতে বিজেপি আবারও ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত সব সমস্যা মোদীর নতুন সরকারের সময় সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দুর্নীতির মামলায় কারাগারে থাকা খালেদা জিয়াকে সরকার মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, শেখ হাসিনার সরকার অমানবিক নয়।
সংবাদ সম্মেলে ভারতে ভারতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির জয়ের পর বাংলাদেশের সঙ্গে তিস্তা যুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান প্রক্রিয়া দ্রুত এগুবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
সম্পাদকমণ্ডলীর সভায় মুজিব বর্ষ পালনে আওয়ামী লীগ নেতাদের সাংগঠনিক সফর নিয়ে আলোচনা হয় বলেও জানান কাদের।
সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি।
বাংলাটিভি/রিয়েল



