এপর্যন্ত বিএনপি দেশকে কিছুই দিতে পারেনিঃ তথ্যমন্ত্রী

‘প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন। তবে বিএনপির জন্ম হয়েছে অবৈধভাবে। জিয়ার ক্ষমতা দখলের মধ্য দিয়ে অন্য দলের উচ্ছিষ্ট নেতাদের নিয়ে উচ্ছিষ্ট দল গঠন করেছেন তিনি। এরই নাম বিএনপি।’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। বিএনপির নেতৃত্বে দেশ পরপর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। গত ১০ বছর বিএনপি যেভাবে জঙ্গি ও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেট্রোল বোমা হামলা চালিয়েছিল তা দেশের মানুষ ভুলে নাই। বিএনপির ভবিষ্যত রাজনীতির বিষয় বলবো তারা মানুষের কাছাকাছি যেতে জঙ্গি ও সন্ত্রাস পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরে আসে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকেও সমাবেশের অনুমতি দিত না। ২১ আগস্ট সমাবেশের অনুমতি দিয়েছিল মধ্যরাতে। যাতে আমরা মঞ্চ বানাতে না পারি। সে কারণে আমরা ট্রাকের ওপর সমাবেশ করেছিলাম। তারা এমন জায়গায় আমাদের সমাবেশের অনুমতি দিয়েছিল যাতে ভবন থেকে গ্রেনেড ছোড়া যায়।’



