চীনকে জবাব দিতে ভারতীয় বাহিনীকে নির্দেশ দেয়া আছে: রাজনাথ সিং

ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে চীন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নিলে তার কড়া জবাব দিতে ভারতীয় বাহিনীকে সব ধরনের স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ায় যাওয়ার আগে চীন পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক থেকে এই নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান এম এম নারবানে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়া। এদিকে, লাদাখ পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার আঞ্চলিক পর্যায়ে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে, লাদাখে ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রীকে সবসময়ই ভেবে চিন্তে কথা বলতে হবে।



