জনগণের ভালোবাসায় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ: কাদের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন,বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে, বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। কাদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন বিদেশি শক্তির প্রভাব ছিল না, জনগণের ভালোবাসায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে উপলক্ষে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে, বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। শুধুমাত্র এ দেশের কিছু রাজনীতিবিদ তা দেখতে পায় না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এমন অভিযোগের সমালোচনা করে তিনি জানান, আওয়ামী লীগের শক্তি একমাত্র জনগণ।
এছাড়া শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল স্মরণে দোয়া এবং তার কবরে শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলা টিভি / বুলবুল



