সুনামগঞ্জের ছাতক ও সিলেটের ওসমানীনগরে বন্যার আশঙ্কা

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে পানি ভাটির দিকে নামছে। বৃষ্টি আর পাহাড়ি ঢল কমলেও, সুরমা নদী সিলেট, কানাইঘাট এবং কুশিয়ারা নদী আমলসিদে ও শেওলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পানিবন্দি এখনও লক্ষাধিক মানুষ।
ফলে এসব মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও তা পর্য়াপ্ত নয়। সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার ৮টি উপজেলা বন্যা আক্রান্ত।
এছাড়া সিলেট সিটি করপোরেশনের ৯ ওয়ার্ডও বন্যার কবলে পড়েছে। মহানগরীর শাহজালাল উপশহরসহ বেশকিছু এলাকায় পানি। পানি উঠেছে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে। দুটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৬০০ মানুষ। আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এবারের বন্যায় বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটের ক্ষতি হয়েছে ব্যাপক। অনেক গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাংলা টিভি / বুলবুল



