রাজনীতি

‘জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি’

বাংলা টিভি ডেস্ক: জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের দাবি সরকারের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতেই তারা সচিবালয়ের সামনে এসেছেন। কাউকে অসম্মান করা তাদের উদ্দেশ্য নয়, বরং সাধারণ মানুষের সমস্যার কথাই তুলে ধরতে চান।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালিত হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ১১ দলীয় জোট।

সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী বা প্রতিনিধিকে ঘটনাস্থলে এসে দাবিপত্র গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার সফল হলে তারা তাকে স্বাগত জানাবেন। তবে দাবি উপেক্ষিত হলে ধারাবাহিকভাবে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, তাদের অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্দোলনকারীদের বক্তব্য ও দাবিগুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button