রাজনীতি

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে সরকার রাজনৈতিকভাবে বড় ধরনের চাপে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার মূল্যবৃদ্ধির চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার আগে বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দিলেও পরে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনজীবনের সংকট নিরসনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের ওপর নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করা হলে তা জনগণ মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন কিংবা জুলাই সনদ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো এখনো কার্যকর করা হয়নি।

সরকারের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরির অভিযোগ এনে এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিরসনে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করেই মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে।

প্রয়োজনে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button