তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর পাকা করার জন্য বরাদ্দ করা অর্থও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের কবর পাকা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রত্যেক কবরের জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। তবে সরেজমিনে গিয়ে তিনি অনেক কবরের কোনো দৃশ্যমান চিহ্নও পাননি বলে দাবি করেন। তার অভিযোগ, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগানো হয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে কার্যক্রম এগিয়ে নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
ইশরাক হোসেনের দাবি, দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। বর্তমানে তাদের স্বীকৃতির আওতায় আনার জন্য কাজ চলছে।
আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যা বা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই। অন্য রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনা করেন এবং বলেন, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও জনগণ তা ভুলে যাবে না।
এ সময় সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি মহল অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছে। তার ভাষ্য, মতবিরোধ থাকলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যেত; কিন্তু গোলযোগের কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে এমন ঘটনায় দেশের সম্মানহানি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



