রাজনীতি

‘আ.লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আ.লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে’

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং অতীতের মিত্র হিসেবে দেখেন। তার দাবি, একসময় উভয় দল একসঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিল এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একীভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।”

সমাবেশে তিনি দলীয় কর্মসূচি নিয়েও বক্তব্য দেন। তার ভাষ্য, এদিনের সমাবেশই উপজেলা বিএনপির আনুষ্ঠানিক কর্মসূচি। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যেসব সমাবেশের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোর উদ্দেশ্য দলীয় বিভক্তি সৃষ্টি করা। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও নাকচ করে দেন নাছির চৌধুরী। তিনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, দুর্নীতির সুযোগ না পাওয়ায় একটি পক্ষ ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের কাছে বরাদ্দ ও ব্যয়ের তথ্য রয়েছে। যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন কাউকে দুর্নীতির সুযোগ দেবেন না বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button