রাজনীতি

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি আহমেদ

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, দেশের জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না এবং সবসময় তাদের স্বার্থ রক্ষায় পাশে থাকবেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম ঘোষণা করা হয়। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। ১১ দলীয় ঐক্যজোটের প্রত্যেক নেতার প্রতি এবং আমাদের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, নিজেদের অবস্থান থেকে আমরা কখনো এই জাতির সঙ্গে বেইমানি করব না।’

তিনি বলেন, ‘আমরা জিতব নাকি হারব, সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করা। আজও সেই মানসিকতা থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। সর্বসম্মতিক্রমে তারা আমার নাম প্রস্তাব করেছেন। এজন্য আমি পুরো জাতিকে ধন্যবাদ জানাই।’

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান তুলে ধরে অলি আহমদ বলেন, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। দীর্ঘদিন ধরে সৎভাবে জীবনযাপন করার কারণেই জোটের নেতারা সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চলমান সংগ্রামের প্রেক্ষাপটে ১১ দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবের চেতনার একজন বলিষ্ঠ ধারক ও যোদ্ধাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

মামুনুল হক আরও বলেন, ১১ দলের বাইরেও বিএনপিসহ দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিরা অলি আহমদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন বলে তারা আশা করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে অলি আহমদ আগামী বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই তাদের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশের স্বার্থে তাদের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, রাজনীতির সব পর্যায়ে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন। এর মাধ্যমে গণতন্ত্রের গতি ও সুস্থ পরিবেশ আবারও ফিরে আসবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button