বিএনপিরাজনীতি

বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বাংলা টিভি ডেস্ক: বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর বিরোধী দলকে কথা বলার পরামর্শ দেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থার লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ২৫টি দুস্থ পরিবারের চা-ঘর (চায়ের দোকান) হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারাও সেই ভাষায় কথা বলছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এত বড় একটি ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসন শেষে দেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিস্ট সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা ও ১৭০০ মানুষকে গুম করা হয়েছে, দেশে এখন সেই পরিস্থিতি নেই।

এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার চেষ্টা করছে। এত তাড়াতাড়ি এসব বাস্তবায়ন হয় না, আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। তাদের ভাষায় এই মুহূতে করতে হবে। দেশে জ্বালানি সমস্যা রয়েছে। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে একটিও গ্যাস ও তেলের খনি অনুসন্ধান করেনি। তারা বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল। আমরা দায়িত্ব পাওয়ার পর দেশে তেল ও গ্যাসের কুপ খননের চেষ্টা করছি। কুপ খননের জন্য টেন্ডার হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রংপুরের মানুষ হিসেবে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। কেন পিছিয়ে? আমরা তো সঠিক বাস্তবতাই বুঝতে চাই না। বিএনপি ক্ষমতায় এলে আপনারা করেন জাতীয় পার্টি, আবার বিএনপি সরকারে থাকলে আপনারা করেন জামায়াত! তাহলে কীভাবে হবে? উন্নয়ন পাবেন কীভাবে? আমি বাস্তব সত্যটা এ কারণেই বলছি যে আপনাদের রাজনীতি ও উন্নয়নের গতিধারা বুঝতে হবে। বাস্তবতা না বুঝলে এগোনো সম্ভব নয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, চার-পাঁচ মাসে অনেক পরিবর্তন হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button