রাজনীতি

‘শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না’

বাংলা টিভি ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অথচ মেধাবীরা তাদের যোগ্যতার যথাযথ মূল্য পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার চেয়ে আর্থিক লেনদেনই প্রাধান্য পাবে। এর ফলে যোগ্য ও মেধাবী প্রার্থীরা আবারও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে নিয়ে সরকার গঠন করেছে, অথচ গণভোটের ফলাফল তারা গ্রহণ করেনি। তার দাবি, এতে প্রায় ৭০ শতাংশ জনগণের মতামতকে অস্বীকার করা হয়েছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

জামায়াত আমির বলেন, কোনো ধরনের টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে বিরোধী দল কোনো ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদের মাধ্যমে দাবি আদায় সম্ভব না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেল।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আবদুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আবদুল হাকিম সরকার, আবদুল বাছেদ, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মহানগর নায়েবে আমির মাওলানা আবদুল হালিম বেগ এবং সেক্রেটারি আ.স.ম. আবদুল মালেকসহ মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারিয়েট সদস্যরাও মতবিনিময় সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button