রাজনীতি

সাকিব এখন পঁচে যাওয়া মানুষ: ডা. জাহেদ

বাংলা টিভি ডেস্ক: ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের খেলোয়াড়ি জীবন এখনো শেষ হয়নি। তবে বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে বেশি সক্রিয়—এমন মন্তব্য করে তাকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।’

সম্প্রতি সাকিব আল হাসান একাধিক সাক্ষাৎকারে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকার বিষয়টিকে নিজের জন্য এক ধরনের শাস্তি বলেও উল্লেখ করেছেন তিনি। এসব বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাকিব সরকারকে কিছুটা চাপে ফেলতেই এসব কথা বলছেন।

তিনি বলেন, শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং সেই নিরাপত্তার মধ্যেই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন। বিচার চলাকালে তারা নিজেদের আইনগত অধিকার ভোগ করবেন এবং আদালতের দেওয়া সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র।’ তার ভাষ্য অনুযায়ী, অপরাধের মাত্রা যতই গুরুতর হোক না কেন, সাকিব আল হাসান বা শেখ হাসিনা—যেই হোন না কেন, প্রত্যেকেই রাষ্ট্রের নাগরিক ও সাংবিধানিক অধিকার পাওয়ার অধিকারী।

সংশ্লিষ্ট খবর

Back to top button