রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সমর্থিত ১১ ইউপি সদস্য

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ১১ সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোমনায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বাসভবনে গিয়ে তাঁর হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা দলটিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন জিয়ারকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা। তাঁরা হলেন—১ নম্বর ওয়ার্ডের বিল্লাল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডের মো. আমীর হোসেন গাজী, ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের খুরশিদ আলম, ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলী, ৭ নম্বর ওয়ার্ডের মো. জাবেদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী, ৯ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া এবং সংরক্ষিত আসনের সদস্য রিপা বেগম ও রোজিনা আক্তার।

এ সময় তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

বিএনপিতে যোগ দেওয়ার পর জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. বিল্লাল মোল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, দূর থেকে অনেক সময় নেতিবাচক ধারণা তৈরি হলেও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে কাছ থেকে দেখে তাঁর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সৌজন্য সাক্ষাতের পর ইউনিয়ন পরিষদের সদস্যরা বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

যোগদানকারীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button