শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী

বাংলা টিভি ডেস্ক: ক্ষমতায় টিকে থাকার স্বার্থে শেখ হাসিনা ভারতের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই সাধারণ মানুষের প্রতি উপেক্ষা দেখিয়ে দেশে ব্যাপক রক্তপাত ঘটানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, রিমান্ড, গুম ও হত্যাকাণ্ডসহ নানা ধরনের দমন-পীড়নের অভিযোগ তাঁর সরকারের বিরুদ্ধে রয়েছে। তাঁর দাবি, ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থও বিসর্জন দিতে পিছপা হননি। এ কারণেই জনগণের ওপর নির্যাতন নেমে এসেছে এবং বহু মানুষের রক্ত ঝরেছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘ফেরারি পাখিরা কখনো ফিরে আসে না, শেখ হাসিনাও আর ফিরতে পারবেন না।’ এ সময় তিনি লেনিন ও ইমাম খোমেনির উদাহরণ টেনে বলেন, তাঁদের দেশে ফেরার সুযোগ হয়েছিল, কারণ তাঁরা দেশের অর্থ পাচার বা রাষ্ট্রীয় সম্পদ লুটের সঙ্গে যুক্ত ছিলেন না বলে তাঁর দাবি।
তবে ভবিষ্যতে ফ্যাসিবাদ অন্য কোনো রূপে ফিরে আসতে পারে বলেও সতর্ক করেন রিজভী। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
তিনি জানান, শিক্ষার মান উন্নয়ন, আনন্দময় শিক্ষাব্যবস্থা, ভাষা শিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি শিক্ষাব্যবস্থায় যুক্ত করে শিক্ষার্থীদের উপকারে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও কাজ চলছে।



