রাজনীতি

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার গণভোটের রায়ের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থী নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। এতে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকছে না এবং সরকারের গণতন্ত্রের প্রতি প্রকৃত অঙ্গীকার নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ধরনের ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন, দেশ তা প্রতিষ্ঠার পথে এগোতে পারছে না।

তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তাঁর মতে, নির্বাচনে প্রার্থী দেওয়ার মাধ্যমে জনগণের কাছে একটি বার্তা পৌঁছানোর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার চেষ্টা করা হচ্ছে।

সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলেও বিরোধী দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনপরিসরে আলোচনা বাড়বে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের আগ্রহ ও সচেতনতা তৈরি হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থান আরও স্পষ্ট হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button