রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করেছে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পদত্যাগের পর মহাসচিবের পদটি শূন্য হয়।

রুহুল কবির রিজভী এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি সরকার গঠনের পর গত ১৭ ফেব্রুয়ারি তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলার সন্তান রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

ছাত্রজীবনে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হলেও পরবর্তীতে ছাত্রদলে যোগ দেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন রিজভী। পরে ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়। এবার ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button