খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন

বাংলা টিভি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাদীর মৃত্যু হলেও মামলার আইনি কার্যক্রম পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হবে না। তবে দুঃখজনকভাবে তিনি নিজের করা মামলার বিচার ও রায় দেখে যেতে পারেননি।
২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই ঘটনায় যমুনা পরিবহনের একটি বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রায় সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে মামলাটি করেন। এতে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
পরে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।



