
বাংলা টিভি ডেস্ক: বনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘টেররিস্ট’ (সন্ত্রাসী) এবং দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়ে গেছেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফেরত চাওয়ার বিষয়টি বাংলাদেশের স্বাভাবিক দাবি বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্য ব্যক্তিদের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে”।
তাদের ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে প্রক্রিয়াগতভাবে সম্পৃক্ত হওয়ার কথা জানান তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক চায়। তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে”।
ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক”।
তবে এ সফরের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, বরং আলোচনা ও কাজের বিষয়গুলো গুরুত্ব পাবে। তার ভাষায়, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে আরেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎই সবকিছু নয়।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “তার সংবাদ সম্মেলনের বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সরকার জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে”।
এ সময় নব নিযুক্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।



