রাজনীতি

‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে’

বাংলা টিভি ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক ও পারস্পরিক হওয়া প্রয়োজন। তবে এ সম্পর্ক অবশ্যই মর্যাদা, ন্যায়, সমতা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে সারজিস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হবে—এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম দেশের প্রতি সম্মানজনক আচরণ হতে পারে না। তাঁর মতে, এ ধরনের বক্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক দুটি কঠোর অবস্থানের বিবৃতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব অবস্থানের বাস্তব প্রতিফলনও প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে নয়; দুই দেশের জনগণ ও রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতেই এ সম্পর্ক গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ কক্সবাজারের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button