রাজনীতি

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ের ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এসব প্রতিষ্ঠানকে বিএনপির মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনা

নাহিদ ইসলামের অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয় এবং তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব পড়েছে গণপরিবহন, কৃষির সেচ ও সার সরবরাহসহ বিভিন্ন খাতে।

তিনি দাবি করেন, বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের কারণে রান্না ব্যাহত হচ্ছে এবং শিল্পকারখানার উৎপাদনও কমে গেছে। গ্যাসের সংকটের কারণে শিল্পের ক্রয়াদেশও অন্য দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিদ্যুতের দাম বাড়ানো নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও মাত্র দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং, ভুতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

স্বাস্থ্য খাতের সংকটের জন্য সরকার আগের অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, সংকট এখনও পুরোপুরি কাটেনি। কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে দাবি করেন তিনি।

শিক্ষাঙ্গন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলের ঘটনা ঘটছে এবং বিরোধী মতাদর্শের ব্যক্তিদের ওপর হামলা হলেও এসব ঘটনায় কার্যকর বিচার হচ্ছে না।

রাজনৈতিক সহিংসতা নিয়েও অভিযোগ

নাহিদ ইসলামের দাবি, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। দেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।

এ ছাড়া সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, কোনো সংকট দেখা দিলেই সরকার কখনো আগের ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে। অথচ এর চেয়েও কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button