জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে: রাশেদ

বাংলা টিভি ডেস্ক: জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোটে গিয়ে একই ধরনের ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানো শিখেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও ওই বক্তব্যের প্রতিবাদ করেননি বলে দাবি করেন তিনি।
জামায়াত নেতাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, তারা অনেক সময় আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একটি ইসলামি দলের নেতাদের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘নতুন বন্দোবস্তের’ কথা বলা দলটি জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়ে একই ধরনের বক্তব্য দেওয়া শিখেছে। তাঁর দাবি, সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরতে এনসিপি যে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে, সেখানেও অপতথ্যনির্ভর বক্তব্য আসতে পারে।
তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচারের ক্ষেত্রে এই দুই দল ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিতি পাচ্ছে।
রাশেদ খান বলেন, শুধু সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করলেই হবে না, বিরোধী দলগুলো গত ছয় মাসে কী ধরনের কর্মকাণ্ড করেছে, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি দাবি করেন, বিরোধী দলগুলো এই সময়ে কী ধরনের গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে, তারও হিসাব নেওয়া উচিত।



