রাজনীতি

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদের অবসান হয়েছে বলে মানুষ আশা করেছিল। কিন্তু তার দাবি, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ যে পথে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা থেকে সরে না আসে, তাহলে জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও ক্ষমতা থেকে সরিয়ে দেবে।

তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে সন্তুষ্ট করতে গিয়ে জুলাই জাদুঘরের গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একইসঙ্গে একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত লড়াইয়ের একটি মহড়া। সেই আন্দোলনের চেতনা ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করা উচিত।

শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা অপরাধের দায় নিয়ে দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।

দেশের পাসপোর্টের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তার মতে, আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকা দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দুর্বলতার বিষয়টি সামনে আনে। নাগরিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button