রাজনীতি

‘রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা’

বাংলা টিভি ডেস্ক: দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীরা বর্তমানে অবমূল্যায়িত হচ্ছেন বলে আক্ষেপ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একই সঙ্গে রাজনীতিতে সুবিধাবাদীদের প্রাধান্য পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো—পরিশ্রম করেন তারা, কিন্তু সেই পরিশ্রমের সুফল অনেক সময় অন্যরা ভোগ করেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে ২০১৮ সালের ঈদের দিনের একটি পুরোনো ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন নয়ন। তিনি জানান, ছবিটি ২০১৮ সালের ১৬ জুনের, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন।

নয়ন লেখেন, ওই দিন সকালে বিএনপির তৎকালীন নেতা রুহুল কবির রিজভী তাকে ফোন করে নেতাকর্মীদের নিয়ে পল্টন পার্টি অফিসের সামনে আসতে বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেখানে মিছিল হওয়ার কথা ছিল।

ঈদের দিন হওয়ায় এবং বাইরে প্রবল বৃষ্টি থাকায় নেতাকর্মীদের জড়ো করা কঠিন হবে বলে রিজভীকে জানিয়েছিলেন নয়ন। তবে রিজভী তাকে আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেন। পরে নেতাকর্মীদের নিয়ে বৃষ্টির মধ্যেই পল্টন কার্যালয়ের সামনে গিয়ে মিছিলে অংশ নেন বলে জানান তিনি।

মিছিল শেষে সড়কে বসে রুহুল কবির রিজভীর বক্তব্য শোনার স্মৃতিও তুলে ধরেন নয়ন। বর্তমানে রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় বিষয়টি তাকে আনন্দিত ও আবেগাপ্লুত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে দুঃসময়ের নেতাকর্মীদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন যুবদল নেতা। তার দাবি, সে সময় যারা আন্দোলনে ছিলেন না, তাদের অনেকেই বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পরিসরে অবস্থান করছেন। বিপরীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে থাকা অনেক ত্যাগী নেতাকর্মী এখন দলের ক্ষমতার বলয়ের বাইরে চলে গেছেন। কেউ কেউ অভিমান করে রাজনীতি থেকেও দূরে সরে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদেরও অতীতের ত্যাগী নেতাকর্মীদের ভূমিকা সম্পর্কে জানার আহ্বান জানান নয়ন। তার মতে, রাজনৈতিক কর্মকাণ্ডে যারা নিজেদের গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন, তাদের উচিত দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানা।

নয়ন বলেন, ঈদের আনন্দ ও প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে যারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন, তাদের অবদান ভুলে গেলে কষ্ট লাগে। তার অভিযোগ, সুবিধাবাদীদের ভিড়ে দলের ত্যাগী নেতাকর্মীরা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছেন।

রাজনীতিতে ত্যাগীদের অবস্থান বোঝাতে তিনি শ্রমিকের উদাহরণ টেনে বলেন, তারা কঠোর পরিশ্রম করে, ঘাম ও রক্ত ঝরিয়ে কাজ করেন; কিন্তু উৎপাদিত সুফলের ওপর তাদের অধিকার থাকে না। একইভাবে ত্যাগী নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করলেও শেষ পর্যন্ত সুবিধা ভোগ করেন আন্দোলন থেকে দূরে থাকা সুবিধাবাদীরা।

নয়নের এই বক্তব্যে দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন এবং সুবিধাবাদীদের প্রাধান্য নিয়ে তার হতাশার বিষয়টি উঠে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button